লংগদু প্রতিনিধি
“শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, শিক্ষকদের থেকে যে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করি, তা বাকি দিনগুলোতে বহন করে থাকি আমরা। আজ এমনই একজন মহান শিক্ষকের বিদায় বেলা। আজ থেকে ৪০ বছর আগে ১৯৮৩ সালের ৩১ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন চম্পা চাকমা। দীর্ঘদিনের শিক্ষকতা পেশা থেকে এবার তিনি অবসরে গেলেন। তাঁর এই অবসরকালীন সময় সুস্থতার সাথে কাটবে এবং তিনি দীর্ঘজীবী হোন এটাই আমাদের কামনা”
বুধবার সকালে লংগদু উপজেলা সদরের তিনটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক চম্পা চাকমার অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দিন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রকি চাকমার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বহ্নি শিখা, এসএমসি কমিটির সহসভাপতি সুভাষ চন্দ্র দাশ, শিক্ষক চন্দ্র সুরথ চাকমা, ইউপি সদস্য মিজানুর রহমান বাবু এবং বিদায়ী শিক্ষক চম্পা চাকমা প্রমূখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
