সাইফুল হাসান
পুরানো বছর ২০২২ কে বিদায় জানিয়ে শুরু হবে নতুন বছর ২০২৩। নতুন বছরকে বরণ করে নিয়ে আনন্দ উৎযাপন করতে পর্যটকরা ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। তাই তো দেশ বিদেশের হাজারো পর্যটক এসেছি পার্বত্য জেলা রাঙামাটির সাজেক ভ্যালিতেও। শতভাগ বুকিং রয়েছে সাজেকের রিসোর্টগুলো।
পর্যটক রাফিন সরকার বলেন, আমরা ১১জন বন্ধু মিলে সাজেক এসেছি বেড়াতে। সাজেক অনেক সুন্দর একটি প্রাকৃতিক জায়গা, আমরা এখান থেকে পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগতম জানাবো।
বুয়েট শিক্ষার্থী আনিসা রহমান বলেন, আমি বড় ভাই-ভাবির সাথে নতুন বছরকে আনন্দের সাথে বরণ করে এ সময়টিকে উৎযাপন করার জন্য এসেছি।
সাজেকের জুমঘর ইকো রিসোর্ট’র ব্যবস্থাপক কনক ত্রিপুরা বলেন, আমাদের আজ কোন রুম খালি নেই। সবকয়টি রুম গত কয়েকদিন আগেই বুকিং হয়ে গিয়েছে।
মেঘকাব্য রিসোর্টের ব্যবস্থাপক আদিব চাকমা বলেন, আমাদের রিসোর্টের ১১টি রুম রয়েছে। যার মধ্যে ৮টি রুম বুকিং হয়েছে। বাকিগুলো আজ বুকিং হয়ে যাবে বলে আশা করি।
চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল জানান, আমাদের রিসোর্টের রুম গুলো অনেক আগের থেকে বুকিং করে রেখেছে পর্যটকরা। আমাদের কোন রুম খালি নেই। আশা করছি আমরা পর্যটকদের ভালো সার্ভিস দিতে পারবো। নতুন বছরে পর্যটকদের সার্বিক সেবা দিতে আমরা প্রস্তুত।
