কাইমুল ইসলাম ছোটন
পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে মার্চ (রবিবার) দিবসটি উপলক্ষে কলেজের হলকক্ষে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ পাঠের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পরে প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ত্রিবিজয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা ও শিক্ষক পরিষদের সম্পাদক রনজিত বিশ্বাস।
রসায়ন বিভাগের প্রভাষক সঞ্জয় দে’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রভাষক মোছাৎ রাশেদা মমতাজ, সহকারী অধ্যাপক দীপক কুমার আচ্যার্য, সহযোগী অধ্যাপক এস.এম আবুল হাশেম, প্রফেসর মোহাম্মদ আবু ছৈয়দ এবং ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে করুণ জ্যোতি চাকমা ও দীপংকর দে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খোকা থেকে বাঙালির নেতা হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে দীর্ঘ নয়মাস যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশের সৃষ্টি হয়। শোষণ, বঞ্চনা, লুটপাটের কারণে বাঙালিদের মাথা তুলতে দেইনি পাকিস্তানিরা। ফলে বাঙালিদের বারবার রক্ত দিতে হয়েছে। দুঃখের বিষয়, স্বাধীনতা ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতা ও দেশপ্রেমহীনতার কারণে জাতির পিতাকে নিষ্ঠুরভাবে প্রাণ দিতে হয়। তাই গণতন্ত্র, সমাজতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনাকে নিশ্চিত করে অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের শপথ নিতে হবে।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ‘পাখির খাঁচা থেকে মুক্তি হওয়ার প্রবল ইচ্ছা’ আমাদের স্বাধীনতা কথা মনে করিয়ে দেন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন আজ। মৃত্যুপণ লড়াই ও রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা। দিবসটি থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে। দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু বিশ্বাসঘাতকতা, অন্যায়, দুর্নীতি ও দেশপ্রেমহীনতার কারণে যেন স্বাধীনতা হারিয়ে না যাই। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবার, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আবৃত্তি, রচনা-কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং ছাত্র প্রতিনিধি সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে ভোরে পতাকা উত্তোলন, শহীদ মিনার ও বঙ্গবন্ধু’র মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজ প্রশাসন।
