ক্রীড়া প্রতিবেদক
১৭ মার্চ শুক্রবার ৪১তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপ-২০২৩ চাঁদপুর ভেন্যুতে রাঙামাটি নিজেদের তৃতীয় ও শেষ খেলায় ৫৮ রানে ঝালকাঠি জেলার কাছে পরাজিত হয়েছে।প্রথম ম্যাচে রাঙামাটি মাদারীপুর জেলার সাথে ৪ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে কক্সবাজার জেলার সাথে ২ উইকেটে হারার পর শেষ ম্যাচেও জয়ের দেখা মিলল না রাঙামাটির তরুনদের।
এদিন টানা তৃতীয়বারের মত টসে জিতে রাঙামাটির অধিনায়ক মোঃ ইলিয়াছ লেথাম সকালে মেঘলা আকাশ ও আগের রাতে বৃষ্টিভেজা মাঠ দেখে প্রতিপক্ষ ঝালকাঠিকে ব্যাটিংয়ে পাঠান। ঝালকাঠি ব্যাটিংয়ে নেমে রাঙামাটির ইমরান হোসেন,জুয়েল দাশ ও রিপু মারমার বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে বিপদে পড়ে ঠিকই কিন্তু ঝালকাঠির জাহিদুল ইসলামের একক প্রচেষ্টা আর লড়াকু এক ইনিংসে শেষ পর্যন্ত ১৯২ রান করে অলআউট হয়ে যায়। জাহিদুল ইসলাম ৮৩ বলে ৭৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন।
মধ্যাহ্ন বিরতির পর রাঙামাটি জেলা দল ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে। রাঙামাটি জেলা এক পর্যায়ে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে। ওপেনার ব্যাটসম্যান ইমনের ৩৩,কোটার খেলোয়াড় নাসিরের ২৫ ও মোবারক হোসেনের ৩২ রানে ভর করে ১৩৪ রানে রাঙামাটি অলআউট হয়ে ৫৮ রানের পরাজয় বরন করে।
রাঙামাটি ৩ টি ম্যাচ হেরে খালি হাতে এবারের ৪১তম ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ শেষ করে! বিগত কয়েক বছরের মধ্যে ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় রাঙামাটির ২০২৩ সালটি খারাপ পারফরমেন্সের উদাহরন হিসেবে রয়ে গেলো! এর আগে ২০১৮ সালে রাঙামাটি মৌলভীবাজারে ভেন্যু চ্যাম্পিয়ন হয়ে টায়ার ১ এ উঠেছিলো।
রাঙামাটি দলের সাথে ম্যানেজার হিসেবে আছেন আহম্মেদ হুমায়ন কবির ও কোচ মহিতোষ দেওয়ান ।
