কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি থেকে উদ্ধারকৃত প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ কাপ্তাইয়ে জাতীয় উদ্যানে অরণ্যে অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে কাপ্তাই সদর বিটের গভীর অরণ্যে কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের উপস্থিতিতে বনবিভাগের কর্মীরা সাপটি অবমুক্ত করে।
এবিষয়ে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান, গত শুক্রবার রাঙামাটির লোকালয় থেকে উদ্ধারকৃত অজগরটির গলায় জাল আটকানো ছিলো। পরে আজ শনিবার অজগরটির গলা থেকে জালটি কেটে সাপটিকে গভীর অরণ্যে সুস্থভাবে অবমুক্ত করা হয়েছে। এছাড়া এর পূর্বেও বেশ কয়েকটি ছোট বড় অজগর সাপ এবং বিভিন্ন বন্যপ্রাণী কাপ্তাই জাতীয় উদ্যানে সহ গভীর অরণ্যে অবমুক্ত করা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি শহরের ফিসারি আবাসিক এলাকায় লোকালয়ে মুরগী খেতে এসে জালে আটকে পড়ে অজগরটি। পরে স্থানীয় বন বিভাগের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করে।
