লংগদু প্রতিনিধি
বুধবার দুপুরে হঠাৎ ঝড়ে রাঙামাটির লংগদু উপজেলার মানিকজোড়ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড কাঁচা ভবনটি উড়ে যায়। এসময় ভবনে থাকা শিক্ষার্থীরা দৌঁড়ে পাশের পাকা ভবনে আশ্রয় নেয়। তবে এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হয়নি বলে জানান প্রধান শিক্ষক শর্মিতা চাকমা।
প্রধান শিক্ষক আরো জানান, বুধবার দুপুরে হঠাৎ ঝড় শুরু হলে আমরা ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের পাশের পাকা ভবনে নেওয়ার অপেক্ষা করছিলাম। এ সময় ঝড়ের ধাক্কায় কাঁচা ভবনের চালসহ ভবনের বেশিরভাগ অংশ উড়ে যায়। কোনোমতে শিক্ষার্থীদের নিয়ে পাশের পাকাভবনে আশ্রয় নেই। এখন শিক্ষার্থীদের ক্লাস করানো নিয়ে আমাদের বিপাকে পড়তে হবে। বিদ্যালয়ের যে পাকা ভবন আছে সেখানে সব শিক্ষার্থীর বসার ব্যবস্থা হবে না। দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কার করে পাঠদানের উপযোগী করে তুলতে হবে।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন জানান, ঝড়ে মানিকজোড়ছড়া স্কুলের বেশ ক্ষতি হয়েছে শুনেছি। আমরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ভবনটি সংস্কার করে শিক্ষার্থীদের পাঠদানের উপযোগী করা হবে।
