লংগদু প্রতিনিধি
বিদ্যুৎ গ্যাস দ্রব্যমূল্যের উর্ধগতি ও আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার বিকালে উপজেলার মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করে দলটি। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু নাসির।
কর্মসূচীতে বক্তারা বলেন, “দেশ এখন চরম দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে দ্রব্যমূল্যের উর্ধগতি অন্যদিকে লুটপাট। আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির মহোৎসব চলছে চারিদিকে। আজ মত প্রকাশের স্বাধীনতা নাই, অধিকারের কথা বলতে গেলেই জেল জুলুম ও গুম খুনের শিকার হচ্ছে বিরোধীমতের বা সমালোচনা করার অপরাধে। বিরোধী রাজনৈতিক দলের প্রায় ৩৮ লক্ষ নেতাকর্মী আজ বিভিন্ন মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই দুঃশাসনের হাত থেকে আজ বাংলার মানুষ মুক্তি চায়। ঈদের পরে আরো বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে।
কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়েত ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন, বায়তুশ শরফ মাদ্রসার অধ্যক্ষ হাজী ফোরকান আহামেদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সোহেল প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মো. জানে আলম প্রমূখ। অবস্থান কর্মসূচী শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
