নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের রুমায় অপহরণের ১৫দিন পর অপহৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে মুক্তি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ। অপহৃত সেনা কর্মকর্তার হচ্ছেন সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আনোয়ার হোসেন (৫৪)। শুক্রবার দুপুরে একটার দিকে তাকে মুক্তি দেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার বগালেক-ক্যাওক্রাডং সড়ক নির্মাণ কাজের প্রকল্প এলাকা থেকে অস্ত্রের মুখে সেনা কর্মকর্তাসহ তিনজনকে অপহরণ করা হয়েছিল ১৭ মার্চ। অপহরণের কয়েকদিন পর ট্রাক চালক মো. মামুন (২৯) এবং শ্রমিক আব্দুর রহমান (২৭) ছেড়ে দিলেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে আটকে রেখে বিভিন্ন সময়ে যৌথ বাহিনীর অভিযানে আটক কেএনএফ সদস্যদের ছেড়ে দিতে বন্দি বিনিময়ের প্রস্তাব দেন পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তবে সরকারি সংস্থাগুলোর সাড়া না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল কেএনএফ’র সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজ থেকে।
তবে অপহরণের ১৫ দিন পর শুক্রবার দুপুরে অপহরণকারীরা বগালেক-ক্যাওক্রাডং সড়কের পার্শ্ববর্তী এলাকায় তাকে মুক্তি দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রুমা বগালেক আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বগালেক ক্যাম্পেই রয়েছেন। অপহৃতের পরিবারদের মুক্তি পাবার খবরটি জানিয়ে দেয়া হয়েছে।
অপহৃতের মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা অপহরণকারীদের দেয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে মুক্তিপণের বিষয়টি অস্বীকার করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অপহৃত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সার্জেন্ট মো. আনোয়ার হোসেনকে মুক্তি দেয়া হয়েছে। এর আগে অন্য দুজন শ্রমিককে মুক্তি দেয়া হয়েছিল। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে অপহৃতদের মুক্তি দেয়া হয়েছে। মুক্তিপণের বিষয়টি তাঁর জানা নেই বলে তিনি জানান।
