কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় জুমার নামাজ শেষে কাপ্তাই নতুনবাজার মাঠে তাঁকে পুলিশের পক্ষ হতে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে বিকাল তিনটায় কাপ্তাই লগগেইট এলাকায় তাঁর দাফন সম্পন্ন হয়।
এসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো. নূরে আলম, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে একাত্তরের রণাঙ্গনের এই অকুতোভয় সৈনিককে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতীয় পতাকা দিয়ে তাঁর কফিন ঢেকে দেন। শ্রদ্ধাকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর প্রতিনিধি ও সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭২ বছর।
তাঁর বড় ছেলে মনির হোসেন বলেন, বাবা ব্রেইন স্ট্রোক করায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। এবং বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০মিনিটে মারা যান।
