জিয়াউল জিয়া
রমজান ও আসন্ন বৈসাবি উৎসবকে সামনে রেখে বাজার ব্যবস্থা মনিটরিং ও অভিযান পরিচালনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এসময় মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখায় তিন দোকানীকে ১২ হাজার টাকা জরিমান করা হয়েছে।
শনিবার সকালে শহরের বনরুপা বাজারের বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
মনিটরিং ও অভিযান পরিচালনা করেন, রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার নাথ, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, কৃষি ও বাজার বিপনন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 
এসময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মুরগী, গরুর মাংস, মাছের বাজার ও শপিং কমপ্লেক্সে দাম যাচাই বাছাই করেন। মূল্য তালিকা না থাকা ও বাড়তি দাম আদায়ের দায়ে তিন দোকানীকে ১২ হাজার টাকা জরিমান করা হয়। এসময় অনেক দোকানীকে সর্তকও করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা ব্যবসায়ীদের জরিমানা করতে আসিনি। তারা তাদের কেনা দাম থেকে লাভ করেই পণ্য বিক্রি করুক। তবে সেটা যেনো অতিরিক্ত না হয়, তা দেখার জন্য আমাদের এই মনিটরিং করা। আগে সর্তক করার পরও যারা মূল্য তালিকা রাখেনি ও বাড়তি দামে পণ্য বিক্রি করছে তাদের জরিমানা করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ ন্যায্য দামে পণ্য কিনতে পারবেন।
