ঝুলন দত্ত, কাপ্তাই
২০২১ সালের ২৮ ডিসেম্বর কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খাদ্য মন্ত্রনালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু দুই মাস আগে সম্মেলন অনুষ্ঠিত হলেও এখনো নতুন কমিটি হয়নি কাপ্তাই উপজেলা ছাত্রলীগের। এ নিয়ে নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বাড়ছে, স্থবিরতা দেখা দিয়েছে সাংগঠনিক কার্যক্রমে- এমনটাই বলছেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সেই সম্মেলনে জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কিন্তু সম্মেলনের পর দুই মাস অতিবাহিত হলেও এখনও ঘোষণা হয়নি কাপ্তাই উপজেলা ছাত্রলীগের কমিটি। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। সংগঠনের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কমিটি ঘোষিত না হওয়ায় কেন্দ্রঘোষিত কর্মসূচি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে না। ঢিলেঢালাভাবে চলছে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম।
কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সদ্য অনুষ্ঠিত হওয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মো. মাকসুদুর রহমান মামুন জানান, সম্মেলনের দুই মাস সময় পার হবার পরও এখনও উপজেলা কমিটি ঘোষণা না করায় আমাদের দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে অসুবিধা হচ্ছে। নেতৃত্বের অভাবে এলোমেলো হচ্ছে সাংগঠনিক কার্যক্রম।
কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফরহাদ হোসেন জানান, যেহেতু সামনে জাতীয় নির্বাচন। তাই এই মুহুর্তে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন জানান, ‘রাঙামাটি জেলা ছাত্রলীগের অদক্ষতার কারণে রাঙামাটি জেলা ও দশটি উপজেলা এবং দুইটি পৌর কমিটির রাজনীতি ধ্বংসের পথে। ২০১৯ সালের ২৬ জুলাই সম্মেলন হয়েও রাঙামাটি কলেজ ছাত্রলীগের কমিটি প্রায় ৩ বছরেও দিতে পারেনি জেলা ছাত্রলীগ। তাই দ্রুত জেলা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করে সংগঠনকে বাচানোর দাবি জানাচ্ছি এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার দাবি জানাচ্ছি।
কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সদস্য সাবেক সাধারণ সম্পাদক আলিব রেজা লিমন জানান, আমরা সফলতার সঙ্গে উপজেলা সম্মেলন শেষ করেছি গত বছরের ২৮ ডিসেম্বর। কিন্তু জেলা কমিটি এখনো কী কারণে উপজেলা কমিটি ঘোষণা করেনি, তা আমি বলতে পারছি না।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন মুঠোফোনে বলেন, ‘কাপ্তাই উপজেলা কমিটি ঘোষণা নিয়ে জেলা কমিটির আন্তরিকতার অভাব ছিলো না। তাই আমরা গত ২৮ ডিসেম্বর কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সম্মেলন শেষ করে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিদায়ী ছাত্রলীগ কমিটির সঙ্গে বসি, যেহেতু উপজেলা কমিটি করতে গেলে ওই উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করতে হয়। কিন্তু উনারা সময় দিতে পারেননি বলে দেরি হলো। তবে আমরা শীঘ্রই কাপ্তাই উপজেলা কমিটি ঘোষণা করতে যাচ্ছি।’
এদিকে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী জানান, ‘জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ হয়েছে। আশা করছি দ্রুততার সাথে কাপ্তাই উপজেলা কমিটি ঘোষণা করা হবে।’
