বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় দুই কোটি টাকার আফিমসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। আটককৃতদের বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার একটি মামলা হয়েছে।
আটকব্যক্তিরা হলেন- লামা উপজেলার বাসিন্দার রিংচুম ম্রো’র ছেলে কাইংপ্রো ম্রো (২৩) এবং থানচি উপজেলার কাসু ম্রো’র ছেলে দংওয়াই ম্রো (২৪)। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ আফিম উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম ব্যার-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘ক্রেতা সেজে যোগাযোগ করে রোববার রাতে থানচি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাইং প্রো ম্রো এবং দংওয়াই ম্রোর কাছ থেকে তল্লাশি করে ২ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ আফিম উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিসহ আফিম থানচি থানায় হস্তান্তর করা হয়।’
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার জানান, ‘র্যাবের অভিযানে আটক ২ জন মাদকদ্রব্য ব্যবসায়ীকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা আফিমের বাজারমূল্য ২ কোটি টাকা।’
