‘শিক্ষার্থীরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। তারাই আগামীতে দেশের হাল ধরবে। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস’র বিকল্প নেই’ এমন মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। সোমবার বিকালে বাংলাদেশ স্কাউটস রাঙমাটি জেলার ব্যাবস্থাপনায় জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপি ৭৩তম ইউনিট লিডার বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে কোর্স লিডার সম্পদ বড়–য়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা স্কাউটস’র সম্পাদক ইলিয়াজ আজম আশরাফী, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ আহমেদ কামাল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ আরো বলেন, বর্তমানে মাদক, জঙ্গিবাদসহ নানান অসামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীরা জড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে জীবনের সঠিক পথে পরিচালনা করতে হলে স্কাউটস আন্দোলনের সাথে সংপৃক্ত রাখতে হবে। আলোচনা সভার শেষে কোর্সে অংশগ্রহণকারীদেরকে সনদ বিতরণ করা হয়।
