একদল ক্রীড়ামোদী শিক্ষার্থীদের আয়োজনে রাঙামাটির লংগদুতে গ্রীষ্মকালীন ফুটবল টূর্ণামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাবেতা মডেল কলেজ ফুটবল একাদশ।
গত রোববার বিকেলে লংগদু উপজেলা পরিষদ মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাবেতা কলেজ ফুটবল একাদশ ও রাবেতা স্কুল ফুটবল একাদশ। তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ৯০ মিনিটে খেলায় কোন দলই কাঙ্খিত গোল করতে পারেনি। শেষ পর্যন্ত খেলার হিসেব গড়ায় ট্রাইবেকারে। এতে ৪-১ গোলে বিজয়ী হয় রাবেতা কলেজ ফুটবল দল। সেরা খেলোয়ার হয় বিজয়ী দলের মো. পারভেজ, সেরা গোলদাতা হয়েছে রানার্সআপ দলের মোহাম্মদ এরশাদ এবং সেরা গোলরক্ষক হয়েছে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক দেলোয়ার হোসেন।
সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল এমএম শফিকুর রহমান পিপিএম, পিএসসি। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য জানে আলম, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রাবেতা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহিদুল্লাহ, লংগদু থানার ওসি ( তদন্ত) মহিউল ইসলাম প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খেলাধুলা চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদক ও জঙ্গিবাদমুক্ত থাকতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বিকাশ ঘটাতে হবে । পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন দেহ ও মন সুস্থ্য রাখতে সহায়তা করে। আজকের মতো ভবিষ্যতেও এমন আয়োজনে লংগদু জোনের সহযোগিতা অব্যাহত থাকবে।
ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন রাবেতা কলেজের ক্রীড়া শিক্ষক বজলুর রহমান, সহকারী রেফারী ছিলেন সনজিৎ কুমার রক্ষিত ও শাহিনুর আলম। খেলার ধারাবর্ণনা দেন স্কুল শিক্ষক ইখতারুজ্জামান ও মনির হোসেন।
বাংলাদেশ ছাত্রলীগ রাবেতা কলেজ শাখার আয়োজনে সমাপনী খেলায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক আল মাহামুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অপু, সাধারণ সম্পাদক তারেক আহাম্মেদ প্রমুখ।
