‘মায়ের দেওয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই’ এ স্লোগানকে সামনে রেখে কাপ্তাই শিক্ষা বিভাগের উদ্যোগে সোমবার পালিত হলো মীনা দিবস ২০১৮। এ দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, কুইজসহ মীনা কার্টুন প্রদর্শিত হয়।
এ উপলেক্ষে কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমক বিদ্যালয় হতে শুরু হয়ে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়ইছড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী প্রোগামার সলিল চাকমা। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়াগ্গা ইউপি সদস্য ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব আলম, ইউপি সদস্য ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অমল কান্তি দে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস জাকির হোসেন ।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। র্যালি ও আলোচনা সভায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দেসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে চিত্রাঙ্কন, কুইজ এবং যেমন খুশি তেমন খুশি সাজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে মীনা কার্টুন প্রদর্শন করা হয়।
