আধিপাত্য বিস্তারের জেরে বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় অস্ত্রধারীরা আরও ২ জন’কে ঘটনাস্থল থেকে অপহরণ করে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপাত্য বিস্তারের জের ধরে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ক্যানাইজু পাড়া এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ১ জনকে গুলি করে হত্যা করেছে। এ সময় অস্ত্রধারীরা আরও ২ জনকে ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। তাৎক্ষনিক নিহতের এবং অপহৃতদের নাম জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি সংস্কার (এমএন লারমা) গ্রুপের সদস্য বলে জানাগেছে। তবে সম্প্রতিক সময়ে সে পাহাড়ের সশস্ত্র সংগঠন মগ লিবেরেশন পার্টি’তে যুক্ত হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল’সহ আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে রোয়াংছড়িতে আওয়ামীলীগের জামছড়ি ওয়ার্ড কমিটি সভাপতি বাচুনো মারমা’কে গুলি করে একইভাবে হত্যা করেছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা। আধিপাত্য বিস্তারের জেরে হত্যকান্ড গুলোর সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা জড়িত বলে দাবী স্থানীয়দের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজু পাড়ায় একজন’কে হত্যা করেছে। আরও দুজন’কে ধরে নিয়ে গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ-সেনাবাহিনী।
Previous Articleরাঙামাটিতে আইসোলেশনে দ্বিতীয় রোগির মৃত্যু
Next Article করোনা যোদ্ধাদের কাছে খোলা চিঠি
