সাইফুল হাসান
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। শুক্রবার বাদে জুমা রাঙামাটি শহরের ফিসারী ঘাট জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আলহাজ¦ মোহাম্মদ জসিম উদ্দীন’র সভাপতিত্বে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি ইমাম হোসেন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ইসরাঈল ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ভারতের বিজেপি সরকারের নেতৃবৃন্দদের বক্তব্যের তীব্র সমালোচনা করে এর নিন্দা জানান। একই সাথে এই অবমাননাকর বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে দুই নেতার সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য দাবি জানান তারা। এসময় বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা:) এর উপর কোন রকম মন্তব্য সহ্য করবে না মুসলমানরা।’
