কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজি মুছা মাতব্বর বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিন। শেখ হাসিনার সরকারের আমলে পাহাড়ে যে উন্নয়ন হয়েছে আর কোন সরকারের আমলে পাহাড়ে উন্নয়ন হয় নাই।
তিনি শনিবার সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল) এর নির্বাচনী প্রচারণা সভায় একথা বলেন। রাইখালী ইউনিয়নের কন্তাকাটা, ধনিয়াখোলা, বড়ঝিরি পাড়া, রিফিউজি পাড়া এই পথ সভা অনুষ্ঠিত হয়।
এইসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মওলা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বিদর্শন বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ইউসুফ তালুকদারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
