খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি ও মহালছড়ি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ ৫০/৬০ জন আহত হয়েছে বলে দাবী করেছে সংগঠনটি। হামলাগুলোর জন্য আওয়ামীলীগকে দায়ী করা হয়েছে।
জানা যায়, শুক্রবার(১৬ ডিসেম্বর) সকালে মহালছড়িতে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতৃবৃন্দরা বিজয় দিবসের র্যালী প্রস্তুতি কালে আওয়ামীলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনকে জখম করে। এতে আরো ১০/১৫ জন আহত হয়।
অন্যদিকে, মানিকছড়িতে দুই দফা হামলা হয়েছে বলে জানা গেছে। সকালে উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিএনপি নেতৃবৃন্দরা শহীদ ব্যাধিতে ফুল দেওয়ার প্রস্তুতি কালে আওয়ামীলীগের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা করে। এতে উপজেলা বিএনপির সভাপতিসহ অনেক নেতাকর্মী আহত হয়। এর আগে বৃহষ্পতিবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালিন সময় প্রথম হামলাটি হয়।
এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনুর আলম, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপু আহম্মেদ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ হামলায় মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনাম, তিনটহরি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জু মিয়া মারাত্মক জখম হয়, বর্তমানে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়। এ সময় আরো ৫০/ ৬০ জন গুরুতর আহত হয়। প্রশাসনকে জানানোর পরও তারা কোন প্রকার সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন।
