নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবান বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাস ভবনের লিফটের ভেতর থেকে শিশু গৃহপরিচারিকার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম সাবেকুন্নাহার (১৩)। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা। নিহত কন্যা শিশুর নাম সাবেকুন্নাহার (১৩)।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বুধবার রাত থেকেই ভবনে বসবাসরত ব্যবসায়ী সোহেলের বাড়িতে কাজ করা গৃহপরিচারিকা সাবেকুন্নাকার নামে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে ভবনের দারোয়ান উপরে উঠার জন্য লিফটের ভিতরে ঢুকলে ওপর থেকে রক্ত পড়তে দেখেন। উপরে উঠার সময় হঠাৎ মেয়েটির লাশ লিফটের ভেতরে নিচে পড়ে। এসময় লিফট থেমে গিয়ে তিনিও ভিতরে আটকা পড়ে গেলে চিৎকার করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে লিফটের ভেতর থেকে প্রথমে দারোয়ানকে জীবিত উদ্ধার করে। পরে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর গৃহপরিচারিকা শিশু মেয়েটির লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি বান্দরবানের গোয়ালিয়াখোলা এলাকায়। সে ভবনে সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ব্যবসায়ী সোহেলের বাসায় গৃহপরিচারিকার কাজ করত। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
ভবনের দারোয়ান নুরুল আমিন বলে, সকালে লিফটের ভেতরে ঢুকে ওপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর কন্যা শিশুটির লাশ আমার সামনে লিফটের ভেতরে পড়ে। পরে আমি ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সর্দার মির্জা জহির উদ্দিন জানান, লিফটের ভেতর থেকে কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি ভবনে একটি বাড়িতে থেকে গৃহপরিচাকার কাজ করত। লিফটের ভেতর আটকা পড়া দারোয়ানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
