কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ জনসংহতি সমিতির সদস্য রণজিৎ কুমার তঞ্চঙ্গ্যাকে (৬১) আটক করেছে। বুধবার মধ্যরাতে তাকে আটক করে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বুধবার রাত দেড়টায় যৌথবাহিনীর একটি দল কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন এর চাকুয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রণজিৎ কুমার তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, চার রাউন্ড অ্যামুনিশন, একটি ব্যাগ, একটি চাকু, একটি জাতীয় পরিচয়পত্র, তিনটি মোবাইল, মোবাইল চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয় । তিনি আরো বলেন, আটক ব্যক্তি সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র গ্রুপের লিডার এবং চাঁদাবাজে সক্রিয়।
