বান্দরবানে বিদ্যুৎ স্পৃষ্টে আরাবি ইসলাম (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের কেরানীহাট-বান্দরবান সড়কের লালব্রীজ এলাকায় সম্প্রসারিত বিদ্যুত সরবরাহ লাইনের নতুন সংযোগ স্থাপন তৈরির কাজ করার সময় অসাবধানতা বশত ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে নতুন লাইনের তার লেগে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্টে আরাবি ইসলাম (৩৪) নামে এক শ্রমিক পুড়ে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক বাড়ি কুষ্টিয়া জেলার দহল বাড়ি গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংলা মং মারমা জানান, চট্টগ্রামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আওতায় জেলা শহর থেকে পর্যটন স্পট বনপ্রপাত এলাকা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ লাইনের নতুন তার লাগানোর কাজ করছিল ৩ জন শ্রমিক। কাজ করার সময় সচল সরবরাহ লাইনের সঙ্গে নতুন লাইনের তার লেগে যাওয়ায় ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে এক শ্রমিক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত: এরআগেও মেঘলা পর্যটন এলাকা এবং কালাঘাটা এলাকায় সম্প্রসারিত নতুন সংযোগ লাইনের তার লাগানোর সময় একইভাবে বিদ্যুৎ স্পৃষ্টে আরও ২ শ্রমিকের মৃত্যু হয়।