বান্দরবানের আলীকদমে চারটি আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সশস্ত্র ডাকাত দলের অবস্থানের খবর পেয়ে জেলার আলীকদম উপজেলার সদর ইউনিয়নের চাকনাই কার্বারি পাড়াস্থ হাতিরঝিড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৪ জন সশস্ত্র ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলেন-চেনথুই ¤্রাে (২২), চংঅং ম্রো (২৮) চেখইং ম্রো (৫৬) এবং দেওয়াই ম্রো (১৮)। এদের বাড়ি আলীকদম ইউনিয়নের কারবারী পাড়া ও কুরুকপাতা ইউনিয়নের বলে জানাগেছে। এসময় আস্তানা থেকে ৪টি একনলা বন্দুক, ২টি অস্ত্রের বডি, অস্ত্রের গুলি এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতির একটি মামলা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, সশস্ত্র ডাকাতরা বুধবার গভীররাতে আলীকদম ইউনিয়নের বাঘেরঝিরিস্থ একটি খামার বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতরা খামারের মালিক আমিনুল হক’কে মারধর এবং মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। যাবার সময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছুড়ে ডাকাতরা। খবর পেয়ে আরেকটি জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলকে অস্ত্র-গুলিসহ আটক করেছে।
