নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে পাহাড়ে র্যাবের অভিযানে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার ১৭ জন এবং পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তিন সদস্যকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র-গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্র কেনার জন্য জমা করা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর বারোটায় বান্দরবান সদরের মেঘলাস্থ র্যাব কার্যালয় সংলগ্ন পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে প্রেসব্রিফিংএ এসব তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। এসময় অন্যদের মধ্যে র্যাব-৭ কমান্ডার মাহবুব, র্যাব কর্মকর্তা মশিউর’সহ র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য কুমিল্লা সদরের মো. আস সামী রহমান সাদ (১৯), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা সাইফুল্লাহ (২২), পটুয়াখালী সদরের মো. আল আমিন ফকির মোস্তাক (১৯), কুমিল্লা লাঙ্গলকোট এলাকার মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক (২৭), পটুয়াখালী সদরের মো. মিরাজ হোসেন ওরফে দোলন (২৬), মুন্সিগঞ্চ টঙ্গীবাড়ির রিয়াজ শেখ জায়েদ (২৪), পটুয়াখালী মহিপুরের মোঃ ওবাইদুল্লাহ (২০), পটুয়াখালী মির্জাগঞ্জের জুয়েল মাহমুদ (২৭), টাইঙ্গাইল ধানবাড়ীর মো. ইলিয়াছ রহমান (৩২), ঝালকাঠি সদরের মো. হাবিবুর রহমান (২৩), কুমিল্লা সদরের মো. সাখাওয়াত হোসেইন মাবরুর(২১), বরিশাল কোতয়ালীর মো. আব্দুস সালাম রাকি (২৮), কুমিল্লাহ লাকসামের যোবায়ের আহমদ আইমান (২৯), পটুয়াখালীর মো: শামীম হোসেন (২৬), হবিগঞ্জ জেলার তাওয়াবুর রহমান সোহান (২০), বরিশালের মাহমুদ ডাকুয়া (২০), মাগুরার মোহাম্মদ আবু হুরাইরা (২২) এবং রাঙামাটির বিলাইছড়ির মালসম পাংকুয়া (৫২), লাল মোল সিয়াম বম (২৮) ও ফ্লাগ ক্রস (৩০)।

র্যাবের সাথে জঙ্গি-বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলিতে ৮ জন র্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে র্যাবের অভিযানে ভারী ১১টি দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, কন্টেন্ট, লিফলেট, সন্ত্রাসীদের ব্যবহৃত জিনিসপত্র, অস্ত্র তৈরির জন্য জমা করা ৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় জঙ্গি-বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বান্দরবান থানায় একটি নতুন মামলা করা হয়েছে।
র্যাব জানায়, ঘর ছাড়া নিখোঁজ তরুণ নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সশস্ত্র সদস্যরা থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা উপজেলার রেমাক্রী পাংসা ইউনিয়নের দুর্গম রেমাক্রী ব্রিজ এলাকা পেরিয়ে নতুন আস্তানায় যাবে এমন খবরের ভিত্তিতে র্যাব মঙ্গলবার অভিযান চালায়। এসময় র্যাবের সাথে নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া এবং পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। র্যাব তিন শতাধিক এবং জঙ্গি-বিচ্ছিন্নতাবাদীরা দুইশ রাউন্ডের মত গুলিবিনিময় করে। এসময় র্যাবের আটজন সদস্য আহত হয়। তবে আহতরা গুলিবিদ্ধ হলেও মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়নি কেউ। তারা সবাই ঝুঁকিমুক্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

প্রেসব্রিফিংএ র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, তথাকথিত হিজরতের নামে উদ্বুদ্ধ হয়ে ঘর ছাড়া নিখোঁজ ৫৫ জন তরুণের মধ্যে ২৭ জনকে আইনের আওতায় আসতে সক্ষম হয়েছে র্যাব। নিখোঁজ আরও ২৮ জনের সন্ধানে র্যাবের অভিযান চলমান রয়েছে। যারা নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্য হয়ে অর্থের বিনিময়ে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পার্বত্যাঞ্চলের গহীন অরণ্যে জঙ্গি সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে। গতবছরের ৩ অক্টোবর পার্বত্য চট্টগ্রামে শুরু হওয়া র্যাবের জঙ্গিবিরোধী অভিযানে এ পর্যন্ত ৫৫ জন জঙ্গি এবং ১৭ জন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। তারমধ্যে পার্বত্যাঞ্চল থেকে আটক করা হয়েছে প্রথম দফায় পাঁচজন, দ্বিতীয় দফায় ১০ জন, তৃতীয় দফায় ২জন মিলে তিন দফায় সতের জন নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার জঙ্গি সদস্য ও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৭ সদস্যকে। অর্থের বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণের সহযোগীতাকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই শতাধিক সদস্য সংখ্যা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে ১৭ জন’কে আটক করা হয়েছে। সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে ২৯ জানুয়ারি এক জনের মৃত্যু হয়েছিল। রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনাকারী সকলেই দেশের জন্য হুমকি। আটক হওয়া নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান রনবির বর্তমানে কারাগারে রয়েছে। তবে জঙ্গিদের সহযোগীতাকারী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বম কোথায় আছেন সেটি র্যাব নিশ্চিত নয়। তবে র্যাবের অভিযান চলমান রয়েছে।

