দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অগ্নিকান্ডে ১৪ পরিবারের বসত সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা সদরের অদুরে পশ্চিম থানাপাড়া এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রুমা বেগম জানান, ভোর রাতে আগুন লেগেছে এমন চিৎকারে ঘুম ভাঙ্গে। কোন মতে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেও কোন জিনিষপত্র রক্ষা করতে পারিনি। ঘরের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঘনবসতি হওয়ায় মুহুর্তে ১৪ টি বসত ঘর সম্পূর্ন পুড়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, এতে মালিক এবং ভাড়াটিয়া সহ ১৪ পরিবারের বসতঘর পুড়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর দীঘিনালা জোন অধিনায়ক লে. কর্নেল রুমন পারভেজ পিএসসি, জোনাল ষ্টাফ অফিসার মেজর নাহিদ হাসান পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা কালাধন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে এক বান্ডেল করে ঢেউটিন, ৩০ কেজি করে চাল এবং ২টি করে কম্বল দেওয়া হয়। সেনা জোনের পক্ষ থেকে কম্বল, চাল, ডাল, তেল ও বিস্কিট দেওয়া হয়। এছাড়া দীঘিনালা কাঠ ব্যবসায়ি সমিতির পক্ষ থেকে সর্বমোট ১৬ বান্ডেল ঢেউটিন, কাশেম এন্ড ব্রাদার্সের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫হাজার করে টাকা এবং বোয়ালখালি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মোস্তফার ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫হাজার টাকা করে দেওয়া হয়।
