খাগড়াছড়িতে পুত্রের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা পিতাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জেলা সদরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রশীদ বলেন, নিহত আলেফ খানের সেজো মেয়ে আনোয়ারা খানম এই ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে গভীর রাতে ঘাতক সন্তান জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টাকার জন্য প্রায়ই বৃদ্ধ পিতা আলেফ খানকে (৬৯) মারধর করত সন্তান জাহাঙ্গীর আলম খান। শুক্রবার রাতেও টাকার জন্য কথা কাটাকাটির একপর্যায়ে বাবাকে মারধর এবং গলা চেপে ধরে। এ সময় শ^াসরোধ হয়ে আলেফ খানের মৃত্যু হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম খানের বড় ছেলে আলমগীর খান মুন্না তার নানা আলেফ খানের মৃত্যুর জন্য তার নিজ বাবাকে দায়ী করেন। সে জানায়, বিভিন্ন বিষয়ে তার বাবার সাথে প্রতিদিনই পরিবারের অন্য সদস্যদের সাথে ঝগড়া হতো।
প্রতিবেশী নুর আলম জানায়, অত্যাচার সহ্য করতে না পেরে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হলে জাহাঙ্গীর আলম খান দ্বিতীয় বিয়েও করেছিলেন। তার অত্যাচারে পরিবারের সদস্যরাও অতিষ্ঠ ছিল।
নিহত আলেফ খান জনতা ব্যাংক থেকে অবসরে গিয়ে খÐকালীনভাবে একটি বিদ্যালয়ে হিসাব রক্ষকের দায়িত্বে ছিলেন। গ্রেফতার হওয়া জাহাঙ্গীর আলম মাটিরাঙ্গা পৌরসভার কার্য সহকারী।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলমসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন।
