নির্বাচনী প্রচারনার মাঠে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আদতে নেই দাবি করে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মনিস্বপন দেওয়ানের চীফ এজেন্ট হাজী মোঃ শাহ আলম জানিয়েছেন, হামলা-মামলা-তল্লাশির মধ্য দিয়ে সারাদেশের মতো পার্বত্য রাঙামাটিতেও এক ধরণের ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমাদের কর্মীদের বিরুদ্ধে ভূয়া গণমামলা দিয়ে তাদের এলাকাছাড়া করা হয়েছে। তারা রাতে ঘরে থাকতে পারেন না। এইভাবে সুষ্ঠু নির্বাচন হয়না,সম্ভব না।’
পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের মাঝে শংকা তৈরি হয়েছে,মনে হচ্ছেনা সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের কর্মীদের বিরুদ্ধে লংগদুর কালাপাকুজ্জ্যা,কাউখালী,রাঙামাটি সদর এবং বাঘাইছড়িতে হামলা,মারধর এবং মামলা করা হয়েছে। রিটার্নিং অফিসারকে এই বিষয়গুলো দেখতে হবে।’
শাহ আলম বলেন, ‘নৌকার কর্মীরা কাউখালীতে নিজেদের প্রতীকে এবং বরকলে নিজেদের নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে,ভিত্তিহীণ অভিযোগ তুলেছে।’
তিনি বলেন, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। পাহাড়ীরা এইবার সব ভয়কে জয় করে আমাদের ভোট দিবে। ’
নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী শুধু টহল নয়,কেন্দ্রে কেন্দ্রে নিয়োজিত থাকতে হবে। এবং যেকোন নাশকতা বা বৈরি পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা রুখে দিতে হবে। তবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
