শহরে মোটামুটি সুন্দর পরিবেশ থাকলেও ভেতরের এলাকাগুলোতে আঞ্চলিক দলগুলোর হুমকি চাপ ভয়ভীতি প্রদর্শন অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন রাঙামাটিতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের চীফ এজেন্ট হাজী কামালউদ্দিন। মূলতঃ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসমূহের পাহাড়ী নেতাকর্মীদেরই হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই সিনিয়র নেতা।
পাহাড়াটোয়েন্টিফোর ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা চাই না বিগত নির্বাচনের মতো এইবারও কোন কেন্দ্রে অস্ত্রের মুখে ভোটডাকাতি হোক। গতবার ৫৩ টি কেন্দ্রে যেভাবে ভোট কেড়ে নেয়া হয়েছে,এবার সেটা হোক,আমরা চাই না।’
নির্বাচন সুষ্ঠু হলে নৌকার প্রার্থীই জয়ী হবে এমন আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসনকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং ভেতরের কেন্দ্রগুলোতে যেনো মানুষ ভয়হীন ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে,সেটা নিশ্চিত করতে হবে।’
বিএনপি ও জনসংহতি সমিতির অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, লংগদুর কালাপাকুইজ্জ্যাতে আমাদের স্থানীয় সভাপতির উপর হামলা চালিয়ে মারধর ধরেছে বিএনপির কর্মীরাই। তিনিই স্বাভাবিকভাবেই আইনের আশ্রয় নিয়েছেন। বিচার চাওয়ার অধিকারতো তার আছে। অন্যদিকে বরকলে আমাদের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে।’
নির্বাচন সুষ্ঠু হবে -এমন আশাবাদের কথা জানিয়ে হাজী কামালউদ্দিন আরো বলেন, আমরাও চাই সবাই লেভেল প্লেয়িং ফিল্ড এর সুবিধা নিক এবং নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হোক। নির্বাচন সুষ্ঠু হলে আমরাই বিজয়ী হবো।’
