বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় এক নারীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজ ও উইমেন এক্টিভিষ্ট ফোরামের উদ্যোগে লামা উপজেলায় ফাসিয়াখালী ইউনিয়নে মারমা নারী ধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উইমেন এক্টিভিষ্ট ফোরামের কর্মীরা অংশ নেয়। এরআগে নারী ধর্ষণের প্রতিবাদে রাজবাড়ি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাধবী মারমা, এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল সভাপতি উহ্লাচিং মারমা, উইমেন এক্টিভিষ্ট ফোরামের উসিংম্যা মারমা,বান্দরবান উইমেন এক্টিভিষ্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক পাউসিং ম্রো, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ফোরামের সাধারন সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, ম্রো স্টুডেন্ট ফোরামের সভাপতি চ্যংলক ম্রো প্রমুখ।
জেলা জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাধবী মারমা বলেন, মামলার এজাহার, ভুক্তভোগী নারী এবং এলাকাবাসীর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় যে, ঘটনার পরপরই ধর্ষককে নিজের হেফাজতে নিয়ে বিচারের নামে আসামীকে পালানোর সুযোগ করে দেয়ায় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হোসাইন চৌধুরী ও ১,২,৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের সদস্য জোস্না আক্তার এদায় কোন ভাবেই এড়াতে পারেন না। এই দুই জনপ্রতিনিধিরাও সমান অপরাধে অপরাধী।
তবে অভিযোগ অস্বীকার করে ফাসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরী ও সংরক্ষিত মহিলা সদস্য জোসনা আক্তার বলেন,ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা ও সময়ক্ষেপনের অভিযোগটি সত্য নয়। ধর্ষণকারীর শাস্তি নিশ্চিত করার দাবী জানাচ্ছি আমরাও।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, গতমাসের ২৪ ফেব্রুয়ারি লামার ফাসিয়াখালী এলাকার এক বিধবা নারী জুমে কাজ করতে গেলে কাইসার নামে স্থানীয় এক যুবক ঐ নারীকে মারধর ও ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি লামা থানায় ধর্ষিতা বাদী হয়ে কায়সারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। আসামীকে ধরতে অভিযান অব্যাহত আছে।
Previous Articleহ্যাপির মোড় টু লেকার্স গেট, থাকতে পারবে না ভাসমান দোকান !
Next Article খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস পালিত
