হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী ॥
রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বাঙ্গালহালিয়া বাজার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি পুলক চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিউল আজম বাবু।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি এস এম আলাউদ্দিন, বাঙ্গালহালিয়া কালী মন্দিরের সহ সভাপতি বিশ্বনাথ চৌধুরী, বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক অরুণ সেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি শফিউল আজম বাবু বলেন, বাঙ্গালহালিয়া বাজারটি একটি ত্রিমুখী এলাকায় মধ্যস্থ একটি বাজার। বাজারটির অনেক সুনাম রয়েছে। সেই সুনামকে ধরে রাখতে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সকলের এক যোগে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বিকাশ প্রতারকের হাত থেকে সকলকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান। আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের মাঝে আগুন নিয়ন্ত্রণের জন্য সরঞ্জাম বিতরণ করা হয়।
