হঠাৎ করেই যেনো ছিমছাম শহরটি আবর্জনায় সয়লাব। পুরো শহরের এখানে সেখানে প্রচুর বর্জ্য পড়ে থাকতে দেখা যাচ্ছে দিনে,রাতে। পৌরসভার গাড়ির সীমাবদ্ধতা কিংবা ব্যর্থতা আর পৌর নাগরিকদের সচেতনতার অভাবে পুরো শহরটাই যেনো ময়লার ভাগাঢ়ে পরিণত হচ্ছে দিনকে দিন। কোথাও আবর্জনা না ফেলার নোটিশ ঝোলানো হলেও তাও মানছে না কেউই। আবার যে সময়ে বর্জ্য ফেলা উচিত সেই সময়ে ফেলছেন না নাগরিকরা। ফলে দেখা যায়,মাত্রই পৌরসভার গাড়ি বর্জ্য নিয়ে যাওয়ার খানিকক্ষন বাদেই ফেলা হচ্ছে বর্জ্য ওই নির্ধারিত স্থানে,ফলে সেই বর্জ্য অপসারণ করার আগ অবধি আরো অন্তত ২৪ ঘন্টা ভোগাচ্ছে সবাইকে ! পৌর কাউন্সিলররাও আবর্জন অপসারণে কাজটি ঠিকঠাক নজরদারিতে দায়িত্বশীল ও যতœবান নন। ফলে একদিকে পৌর নাগরিকদের সীমাহীন দায়িত্বহীনতা-অসচেতনতা আর পৌর কর্তৃপক্ষের অসীম অক্ষমতা-ব্যর্থতায় পর্যটন শহর রাঙামাটি দিনকে দিন যেনো বর্জ্যের নগরীতে পরিণত হচ্ছে।
অথচ নাগরিক এবং কর্তৃপক্ষ সকলে যত্নশীল হলে এই শহর পরিচ্ছন্ন রাখার কাজটি খুব একটা কঠিন দায়িত্ব নয়। আমরা সকল পক্ষের ইতিবাচক চিন্তা ও সচেতনতা প্রত্যাশা করছি।
মনে রাখাটা জরুরী,সারাদেশের মানুষ এই শহরটাকে দেশের পর্যটনের একটি বড় শহর হিসেবেই দেখেন,শ্রদ্ধা করেন,স্মরণ করেন। কিন্তু আমাদের নাগরিকদের আচরণে,অভ্যাসে,কাজে এবং আমাদের দায়িত্বশীলদের কর্তব্যে যেনো এর বহিঃপ্রকাশ থাকে।
