জিয়াউল জিয়া ॥
এনজিও কর্মী চম্পা চাকমা হত্যার প্রতিবাদে ও হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাঙামাটিবাসী। শনিবার সকালে জেলা প্রশাসনের সামনে এক মানববন্ধনে পদক্ষেপ ও সচেতন রাঙামাটিবাসীর ব্যানারে এই দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, মহিলা পদক্ষেপ ব্রাঞ্চের ম্যানেজার মোছা: রাশেদা, রাঙামাটি সদরের পদক্ষেপ ম্যানেজার মো. হাসান আলীসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা আজ দেশের কোনও জায়গায় নিরাপদ নয়। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ায় নারীরা এখনো ঘরের বাইরে নিরাপদ নয়। বক্তারা চম্পা চাকমার খুনিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ বিচারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ৫ মার্চ রবিবার রাতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন চম্পাসহ তার অন্য এক সহকর্মী। কিস্তির টাকা চাওয়ার জেরে আসামি এনামের সাথে চম্পার কথা কাটাকাটি হলে এক পর্যায়ে এনাম ছুরি দিয়ে চম্পা চাকমার শ্বাসনালী বরাবর আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে চম্পা চাকমা লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে ভগ্নিপতি সোহেল চাকমা বাদী হয়ে মো. এনামুল হককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। তবে এখনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

