নিজস্ব প্রতিবেদক ॥
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ঘোষিত ১০ দফা মেনে নেয়ার দাবি জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। শনিবার সকালে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান বিএনপির নেতারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ দলীয় নেতৃবৃন্দ।

এতে বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, অবৈধ পন্থায় সরকার ক্ষমতায় গিয়ে জনগণের ওপর জুলুম শুরু করেছে। মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। সরকার মেগা প্রকল্প গ্রহণের নামে মেগা দুর্নীতির মাধ্যমে দেশকে পিছিয়ে দিয়েছে। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন জনগণের দুর্গতি কমবে না। তাই অতিসত্ত্বর পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আহ্বান জানান বক্তারা। এই সরকারের অধীনে কোনও নির্বাচনে আর বিএনপি অংশ নিবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতারা।
