জিয়াউল জিয়া ॥
এতদিন ঘরে কোন টেলিভিশন সেট ছিল না বলে, রূপনার খেলা দেখতে পেত না পরিবারের সদস্যরা। তারও ব্যবস্থা করছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। তাই এতসব প্রাপ্তিতে মুখে হাসি ফুটেছে পরিবারটির।
বৃহস্পতিবার বিকেলে রূপনার গ্রামের বাড়ি নানিয়ারচরের দুর্গম ভূইয়াআদামে উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান সাফ সেরা গোলরক্ষকের ঘরে ৩২ ইঞ্চির একটি টেলিভিশন ও আকাশ ডিটিএইচ সংযোগ প্রদান করেন।
নতুন ঘর নির্মাণের খবরের পর এবার টিভি ও ডিস সংযোগ পেয়ে আবেগ আপ্লুত পুরো পরিবার। হতদরিদ্র পরিবারের জন্ম নেয়া সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনার চাকমার জন্মের আগেই বাবাকে হারায়। যার কারনে অসচ্ছলতায় দিন কাটে পরিবারের।
রূপনার চাকমার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, রূপনা ছোট থেকে খেলায় আগ্রহ থাকায় পরিবার থেকেও তেমন কেউ বাধা দেননি। কিন্তু বাসায় টিভি না থাকায় রূপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা মাঝে মাঝে দূরে অন্যের বাড়িতে গিয়ে খেলে দেখতে যেতেন। এবার ঘরে বসে রূপনার খেলার দেখার আক্ষেপ ঘুচলো সবার।
টিভি পেয়ে খুশি হয়ে রূপনার মা কালাসোনা চাকমা কলেন, আমার অনেক খুশি লাগছে। আমার মেয়ের খেলা ঘরে দেখতে আমি পাশের বাড়িতে যেতাম এখন নিজের বাসায় বসে রূপনার খেলা টিভিতে দেখতে পাবো। তিনি আরও বলেন, রূপনা ভালো খেলার কারণে সরকার আমাদের ঘর করে দিচ্ছে। আজ টিভি দিয়ে গেল।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান জানান, রূপনা আমাদের গর্ব। ওরা জন্য যা যা প্রয়োজন সব কিছু করা হবে। মা তার মেয়ের খেলা দেখতে পারতেন না। আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। আমরা সব সময় এই পরিবারের পাশে আছি এবং থাকবো।
