শংকর হোড় ॥
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং বলেছেন, সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম চাহিদা পূরণ করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে পর্যায়ক্রমে সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগছে, মানুষের চাহিদা থাকা স্বাভাবিক কিন্তু আমাদের সেই চাহিদা পূরণ করতে হচ্ছে সীমিত সামর্থ্যরে মধ্যে। তবে পর্যায়ক্রমে সব সেক্টরে উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পার্বত্য মন্ত্রী শুক্রবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলায় মন্দির, মসজিদ ও বিহারে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলতেন পাহাড় বোঝা হবে না, সম্পদশালী হবে। পার্বত্য চট্টগ্রামের সম্পদকে ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন করতে হবে। এজন্য পর্যায়ক্রমে তিন পার্বত্য জেলায় সেতু, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতালসহ নানান কর্মযজ্ঞ চলছে। অতীতের কোনও সরকার এই ধরনের উন্নয়ন কর্মকান্ডে যুক্ত হয়নি। কিন্তু শেখ হাসিনার সরকার উন্নয়নের মডেল। শেখ হাসিনা মানেই উন্নয়ন, সমৃদ্ধশালী বাংলাদেশ। মন্ত্রী বলেন, পাহাড়ের মানুষের কল্যাণে ও জীবন মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণলয় সৃষ্টি করেছেন। দেশের এক দশমাংশ অঞ্চলের মানুষের উন্নয়নে বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ব বোধ জাগ্রত করাসহ পাহাড়ের ছেলে-মেয়েদের সুশিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে।

এদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাস্তবায়নকৃত কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭লক্ষ টাকার মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনকৃত প্রকল্পগুলো হচ্ছে ৯০ লক্ষ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলাধীন নারানগিরি রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ, ৩৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণ প্রকল্পের ভিত উদ্বোধন, ৩২ লক্ষ টাকা ব্যয়ে নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ ও ২০ লক্ষ টাকা ব্যয়ে ড্রাগন স্পোর্টিং ক্লাব নির্মাণ।
এসময় আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য(প্রশাসন) ড.ইফতেকার আহমেদ (যুগ্ম সচিব), বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প উদ্বোধন শেষে নারানগিরি রায় সাহেবের বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরসহ উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ চেয়ারম্যান। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন রায়েব সাহেব বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রদক্ষ ভিক্ষু। এসময় চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরসহ বিভিন্ন বিহারের ভিক্ষুরা উপস্থিত ছিলেন।
