বিজয় উৎস উদযাপনের মাঝেই যেনো হুট করে বিষাদ নেমে এলো পুরো আয়োজনে। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরে আসা বাংলাদেশ নারী ফুটবল দল বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছেন মেয়েরা। কিন্তু বাসে ওঠার পর আহত হন ফুটবলার ঋতুপর্ণা চাকমা।
রাস্তার পাশে থাকা বিলবোর্ডের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা। তাঁর মাথার একপাশ কেটে গেছে। এরপর টিম বাস থেকে নামিয়ে তাঁকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। মাথায় দুটি সেলাই লেগেছে ঋতুপর্ণার। তবে হাসপাতাল থেকে ফিরে বাফুফে ভবনে সাংবাদিক সম্মেলনে ছিলেন তিনিও।
বর্তমানে ঋতুপর্না ভালো আছেন বলে জানিয়েছেন দলের সাথে সংশ্লিষ্টরা।
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের মেয়ে ঋতু বর্তমানে বিকেএসপি’র শিক্ষার্থী।
