আলীকদম প্রতিনিধি ॥
‘বিধাতায় বিশ্বাসী হই নতুন দিনের আশায়, দরিদ্রদের সেবা করি গভীর ভালবাসায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলায় ত্যাগ ও সেবা অভিযান-২০২১ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের আলীকদম কার্যালয়ের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমাথর সঞ্চালনায় ত্যাগ ও সেবা অভিযান অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মের, ধর্মিয় গুরুগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতি বছর ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৩ মাস ব্যাপী কারিতাসের এই ত্যাগ ও সেবা অভিযানের মাধ্যমে দান সংগ্রহের কাজ চলে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজন এই দানে অংশগ্রহণ করে। বিধাতায় বিশ্বাসী হয়ে পরকালের স্বর্গ সুখ লাভের আশায় সবাই দান করেন। এই দানের টাকা চিকিৎসা ও অন্যান্য সেবামুলক কাজে ব্যয় হয়। বিশেষ করে যারা দরিদ্র সমাজে বসবাস করে তাদের সাহায্যার্থে। তাই সবাইকে অসহায় দীন-দরিদ্রদের পাশে থেকে সেবামূলক কাজ করে অসহায় প্রতিবেশীকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
