কাপ্তাই হ্রদে মাছ আহরণের তিন মাসের নিষেধাজ্ঞার মধ্যেই হ্রদে অবৈধভাবে মাছ শিকারে নিয়োজিত জেলেদের তিনটি নৌকা, আহরনকৃত কিছু মাছ এবং মাছ ধরায় ব্যবহৃত বেশ কিছু বড়শি আটক করেছে হ্রদ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রেষণে আসা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক লে: কমান্ডার এম তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হ্রদের কাটাছড়ি এলাকায় তিনি নিজেই সহকর্মীদের সাথে নিয়ে চালানো এক অভিযানে এইসব নৌকা ও মাছ জব্দ করেছেন।
জেলেদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে আপাতত সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এসময় বিপুল পরিমাণ ‘বড়শি’ও আটক করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে রাঙামাটি নৌ পুলিশ সদস্যরা।
প্রসঙ্গত,গত ১ মে থেকে আগামী ৩১ জুলাই অবধি,তিনমাসের জন্য কাপ্তাই হ্রদে,সকল প্রকার মাছ আহরণ বিপনন ও প্রক্রিয়াজাতকরণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। এই সময় হ্রদের উপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করে থাকে সরকার।

প্রতিবছর একই সময়ে এই পদক্ষেপ নেয়া হয় এবং এই সময়ে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এই বছর হ্রদে প্রায় ৪৬ টন রুই, কাতাল এবং মৃগেল মাছের পোনা ছাড়া হয়েছে। ২ মে থেকে শুরু হওয়া পোনা ছাড়ার কার্যক্রম ১৫ মে শেষ করেছে বিএফডিসি। মূলত: নিজেদের অভয়াশ্রম এলাকাতেই পোনা ছাড়ে প্রতিষ্ঠানটি,তবে সেই পোনা ছড়িয়ে পড়ে হ্রদের প্রায় ৩৬৫ বর্গকিলোমিটার বিস্তৃত জলরাশিতেই।
