নির্বাচনী প্রচারকাজে জড়িত নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করার মাধ্যমে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নষ্ট করছে বলে অভিযোগ করেছেন সিংহ মার্কার প্রার্থী ঊষাতন তালুকদারের চীফ এজেন্ট উদয়ন ত্রিপুরা।
তিনি পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেছেন, ‘কাপ্তাইয়ে আমাদের নেতা সমীরন ও ফারুয়ায় জনসংহতি সমিতির সাবেক সভাপতি বঙ্কিম তংচঙ্গ্যাকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনী কাজে নিয়োজিত কর্মীদের এইভাবে নির্বাচনের আগমুহুর্তে গ্রেফতার করা নির্বাচনের পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করবে।’
উদয়ন ত্রিপুরা অভিযোগ করেছেন, ‘কাপ্তাইয়ে নির্বাচনী প্রচারণা চলাকালে চন্দ্রঘোণা,কেপিএম, মিশন ও সিনেমা হল এলাকায় আওয়ামীলীগের কর্মীরা আমাদের কর্মীদের কাছাকাছি এসে উস্কানিমূলক শ্লোগান দিয়ে ঝামেলা সৃষ্টির চেষ্টা করেছে,এসব ঘটনা দুঃখজনক। এর মাধ্যমে নির্বাচনের পরিবেশকে বিঘিœত করার চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, এখনই যদি এইভাবে সংকট তৈরি করে পরিবেশ নষ্ট করা হয়,তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঠিকই শংকা তৈরি হয়।
সেনা মোতায়েনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য এটা ভালো উদ্যোগ।’
তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রতি কোনভাবেই সাম্প্রদায়িক উস্কানি না দেয়া এবং রাঙামাটির পরিবেশকে সুন্দর রাখার আহ্বান জানিয়েছেন।
