গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি সংরক্ষণ ও পৌষের শীত আরও ‘উপভোগ্য’ করতে পার্বত্য শহরের বুকেই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। পাহাড়ি জেলা রাঙামাটির তরুণ নারী উদ্যোক্তাদের আয়োজনে শীতকালীন এই ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। সকাল আটটা থেকে শুরু হওয়া এই উৎসব চলবে রাত নয়টা পর্যন্ত। বক্স অফ অর্নামেন্টস ও অনুভব নামের দুটি প্রতিষ্ঠানের আয়োজনে এবং দ্য সাবাঙ্গী নামের আরেকটি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় জেলা শহরের টিএন্ডটি এলাকায় অবস্থিত অনুভব-এ চলছে এই আয়োজন।
পিঠা উৎসবের আয়োজক ও তরুণ নারী উদ্যোক্তা সুরাইয়া ইয়াসমিন রুমা জানিয়েছেন, সাধারণত পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ ধরণের আয়োজন খুব একটা হয়ে উঠে না। তাই আমরা পাহাড়ের তরুণ নারী উদ্যোক্তারা মিলে এই পিঠা উৎসবের আয়োজন করেছি। পিঠা উৎসবে গ্রাম-বাংলার আবহমান সংস্কৃতি সংরক্ষণে প্রায় ২৫-৩০ রকমের পিঠা থাকবে। এছাড়া দর্শনার্থীদের আলাদা আনন্দ দিতে আমরা সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেছি। সাংস্কৃতিক সন্ধ্যায় গান, কবিতা আবৃত্তির আয়োজন থাকছে।
উন্নয়নকর্মী ও নারীনেত্রী নুকু চাকমা জানিয়েছেন, পার্বত্য জেলা রাঙামাটিতে এ ধরণের আয়োজন তেমন হয়না। গ্রাম-বাংলার সংস্কৃতি সংরক্ষণে যে আয়োজনটি করা হয়েছে এটি খুবই চমৎকার ও আকর্ষণীয়। এ ধরণের আয়োজনের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম নিজেদের সংস্কৃতি সর্ম্পকে আরও জানবে ও ধারণা লাভ করবে।
প্রসঙ্গত, ‘দ্য সাবাঙ্গী’ হলো পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি নারী উদ্যোক্তাদের একটি গ্রুপ কিংবা মেলবন্ধনের প্লাটফর্ম। ‘বক্স অফ অর্নামেন্টস’ হলো এমনই একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান, যেটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী পোষাক বিক্রয় করে থাকে। মূলতঃ এই প্রতিষ্ঠানটি পাহাড়িদের যেসব ঐতিহ্যবাহী পোষাকের ব্যবহার দিনাদিন কমে আসছে; সেগুলোকে সারাদেশের মানুষের মধ্যে বিক্রয় প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সংরক্ষণ করছে। অনুভব হচ্ছে নারী-শিশুদের নানান ধরণের পোষাক, লাইব্রেরি ও রেস্তেরাঁর এক যুথবদ্ধ প্রতিষ্ঠান।
