নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সদ্য গঠিত রাঙামাটি প্রেসক্লাব নেতারা। প্রেসক্লাবের একাংশের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথের নেতৃত্বে সোমবার দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের নিজ কক্ষে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী রাঙামাটি প্রেসক্লাবের সদ্য গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং পেশাদার সাংবাদিকদের সঙ্গে পাশে জেলা পরিষদ থাকবে বলে আশ্বস্ত করেন।
এসময় প্রেসক্লাব নেতারা বলেন, ‘রাঙামাটি প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মূলধারার গণমাধ্যমগুলোর সাংবাদিকরা এ প্রেসক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন। এই প্রেসক্লাবের বাইরে কেউ প্রেসক্লাবের পরিচয় দিলে তা হবে প্রতারণা।’
“রুবেল-আনোয়ারের তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না” বলেও মন্তব্য করেছেন তারা।
সাক্ষাৎকালে রাঙামাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, শান্তিময় চাকমা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু ছাড়াও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাঙামাটির সাংবাদিকদের একাংশ নিয়ে সদ্য গঠিত প্রেসক্লাব নেতারা।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের ‘অচলায়তন’ ভেঙে সম্প্রতি রাঙামাটি প্রেসক্লাবে নতুন ৭ সদস্য অন্তর্ভুক্তকরা হয়। মূলতঃ দীর্ঘসময় পরেও প্রেসক্লাবে এত কম সংখ্যক সদস্যকে অন্তর্ভুক্তকরণ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এর জের ধরেই ৩০ জানুয়ারি দৈনিক যুগান্তরের রাঙামাটি প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমাকে সভাপতি, বাংলাভিশনের রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি প্রেসক্লাবের ২৫ সদস্য কার্যকরী পাল্টা কমিটির ঘোষণা করে পেশাদার সাংবাদিকদের একাংশ। একইসাথে গঠন করা হয় ৩৮ সদস্যের সাধারণ পরিষদও।
সুশীল-নন্দনের নেতৃত্বাধীন প্রেসক্লাব সোমবার আনুষ্ঠানিকভাবে সংগঠনের কার্যক্রম শুরু করেছে। ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের এই পেশাগত বিরোধের জল গড়াবে আরও বহুদূর।
