মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ১৪ ফেব্রুযারির পৌর নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন কার্যালয় এ সভার আয়োজন করে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাইদ মজুমদার। এতে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহাম্মেদ প্রমুখ বক্তব্য দেন। মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পৌর নির্বাচনকে ঘিরে শঙ্কা, নানান অভিযোগ, প্রশ্ন ও নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাইদ মজুমদার বলেন, পুরো নির্বাচনি এলাকাসমূহকে নিরাপত্তার চাঁদরে ডেকে ফেলা হবে। ভোটারটা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে। গোপন কক্ষে ভোট গ্রহণ বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, ‘কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে, তাছাড়া জনগণের চলাচল পথকে রোধ করে কোন ধরণের পথসভা করা যাবে না।’
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি পৌর নির্বাচন সম্পন্ন করেছি, এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাটিরাঙ্গায় একটি সুষ্ঠু নির্বাচন করা হবে। ১, ২, ৪ ও ৮ নং কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে। বহিরাগতদের নির্বাচনে প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। কোন ধরণের অপ্রাীতিকর ঘটনা মেনে নেয়া হবে না।’
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রাজু আহাম্মেদ নির্বাচনের আচরণ বিধির গুরুত্ব উল্লেখ করে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করেছি। ভোট সকলের সামনে কোনমতেই দেয়া যাবে না। তাছাড়া ভোটগ্রহণ সংশ্লিষ্টদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না। সভায় অন্যাদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃলা দেব, মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী, পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণসহ অনেকে উপস্থিত ছিলেন।
