চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন মামলায় মিরাক্কেল সিজন-৯-এর তারকা মো. কায়কোবাদকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কায়কোবাদ চবির নাট্যকলা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায়।
বুধবার বিকেলে কায়কোবাদকে চট্টগ্রাম জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিসট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম আদালতের পরিদর্শক বিজন কুমার বড়ুয়া বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হওয়া মো. কায়কোবাদকে বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে ওই ছাত্রী হাটহাজারী থানায় ধর্ষণের ঘটনায় কায়কোবাদকে অভিযুক্ত করে মামলা করেন। এর প্রেক্ষিতে রাত ২টার দিকে কায়কোবাদকে গ্রেফতার করে পুলিশ।
হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে মঙ্গলবার রাতে অভিযুক্ত কায়কোবাদকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত,কায়কোবাদ ২০১৬ সালে ভারতীয় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি টিভি শো মিরাক্কেলের সেরা দশে স্থান পান। এরপরই সারাদেশে ব্যাপক পরিচিতি পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, খাগড়াছড়ির মাটিরাঙ্গার এই ছাত্র।
