পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা তরুণ কান্তি ঘোষের অবসরজনিত বিদায়ের পর এই পদে স্থায়ীভাবে প্রেষণে নিয়োগ পেলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম স্থানীয় সরকার বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী।
গত সোমবার (২৯ এপ্রিল) জন প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মোছাঃ নাজমা নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয় ।
দীপক চক্রবর্তী ইতোপূর্বে রাঙামাটি জেলা প্রশাসনের আরডিসি, বান্দরবান সদর উপজেলায় ইউএনও,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রথম পূর্ণাঙ্গ পার্বত্য মন্ত্রী কল্পরঞ্জন চাকমার ব্যক্তিগত সহকারী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 
সর্বশেষ গত ১৮ মার্চ রাঙামাটি জেলার বাঘাইছড়িতে ব্রাশফায়ারে সাত নির্বাচন কর্মকর্তা কর্মচারীকে হত্যার পর বিভাগীয় তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান হিসেবে দীপক চক্রবর্তী দায়িত্ব পালন করেছেন।
