বান্দরবানে মে দিবসে স্বেচ্ছাসেবকলীগের নেতার হামলায় সাব-ঠিকাদারসহ ৪ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বান্দরবানের পর্যটন স্পট নীলাচল সড়কে নির্মাণাধীন সড়কের উপর দিয়ে বাইক চালিয়ে যাবার সময় স্বেচ্ছাসেবকলীগের নেতাকে বাধা দেয় শ্রমিকেরা। এসময় শ্রমিকদের সঙ্গে স্বেচ্ছাসেবকলীগ নেতার বাকবিতন্ডার এক পর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেন ফাহিমের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শ্রমিকদের বেধড়ক মারধর করেন। এ ঘটনায় নির্মাণ কাজের সাব-ঠিকাদার আবুল কাশেম (৪৫)সহ ৪ জন আহত হয়। আহত অন্যরা হলেন-মফিজুর রহমান (২৫), আবু সালাম (২৩), মোহাম্মদ মিজান (২৫)।
খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে গুরুতর সাব ঠিকাদারকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রমিক মাহাবুব, আমির হোসেন বলেন, স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয়ে কয়েকজন কাজ চলমান অবস্থায় ভিটুমিনের উপরে মোটর সাইকেল উঠিয়ে দেন। বাধা দেয়ায় শ্রমিকদের চাঁদা দে বলে মারধর করেন। ফোন করে ১৫/১৮ জন লোক নিয়ে গিয়ে শ্রমিকদের পেটান।
নির্মান কাজের মুল ঠিকাদারের ভাই শফিকুর রহমান বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে সে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবী করে। শ্রমিকরা বাঁধা দেয়া মে দিবসের মত দিনে শ্রমিকদের মারধর করেন। এ ঘটনায় মামলা করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, নীলাচল সড়কে স্বেচ্ছাসেবকলীগের নেতা ফারুকের নেতৃত্বে শ্রমিকদের মারধর করা হয়েছে। ঘটনায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি।
