কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্ত্রী পারুল দাশ (৫০) মারা যাওয়ার প্রায় ৭ ঘন্টা পর গুরুতর আহত তার স্বামী মাখন দাস (৬২) মারা গেছেন। গত রোববার রাত সাড়ে ১১টায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তারা চট্টগ্রামের পাথরঘাটা এলাকার কালিবাড়ী আসমানী রোডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেল সাড়ে ৪টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি সিএনজি এবং দুইটি মোটর-সাইকেলকে সজোরে ধাক্কা দিলে সিএনজিতে অবস্থানরত স্বামী-স্ত্রী দুইজন গুরুতর আহত হন এবং মোটর-সাইকেল চালক চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার বাসিন্দা মো. জামাল (২৫) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথেমধ্যে গুরুতর আহত পারুল দাশ মারা যান এবং আহত বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, এ ঘটনায় নিহত পারুল দাশের ভাই দিলিপ দাশ বাদী হয়ে রোববার রাতে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চালক পলাতক রয়েছেন।
