বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের মধ্য পাবলাখালী গ্রামে প্রতিবেশীর মরদেহ সৎকার করতে গিয়ে বজ্রপাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। যতিশ বিকাশ চাকমা মধ্যম পাবলাখালী গ্রামের প্রয়া তবর্ষা বিকাশ চাকমার ছেলে।
৩১নং খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতাজনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে শ্মশানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায় পরে হঠাৎ বব্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে দৌঁড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।’
এদিকে, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।’
