মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের বাসিন্দা ও মুবাছড়ি ইউপির প্রাক্তন চেয়ারম্যান নেন্দা কার্বারি গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার বিকাল ৪টায় সামাজিক শ্মশানে তাঁর দাহক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স ১০০ বছর। মৃত্যুকালে তিনি পুত্র-কন্যা, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত নেন্দা কার্বারির মৃত্যুর সংবাদ শুনে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসাসহ জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য আত্মীয় স্বজন দেখতে আসেন। এছাড়া প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন থেকে শোকাঞ্জলি প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রয়াত নেন্দা কার্বারি মুবাছড়ি ইউনিয়নে ১৯৮৪ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রথম পুত্র রুইথি কার্বারি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয় পুত্র থুইলাঅং মারমা মহালছড়ি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চতুর্থ পুত্র হ্লাথুই কার্বারি বর্তমানে সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
