নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের থানচিতে সীমান্ত সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। রোববার সকালে হেলিকপ্টারযোগে থানচি উপজেলায় পৌঁছান তিনি। সেখান থেকে সেনাবাহিনীর গাড়িতে করে থানচি এবং আলীকদম উপজেলায় নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজগুলো পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদুর রহমান, বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, সীমান্ত সড়ক প্রকল্প পরিচালক কর্নেল এএনএম ফয়েজুর রহমান, ভারপ্রাপ্ত উপ-প্রকল্প পরিচালক মেজর সাঈদ মো. জাহিদুর রহমানসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাসূত্র জানায়, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কোর (ইসিবি) তত্ত্বাবধানে বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় এক হাজার ছত্রিশ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। দ্বিতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ কাজটি বাস্তবায়ন করা হবে। ২০১৮ সালের জুন থেকে ২০২৪ সালের মধ্যেই সড়কটি শতভাগ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। সড়কটি নির্মিত হলে সীমান্ত সড়ক যোগাযোগের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়াতে ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে, সীমান্তের দু’পাশের অবৈধ ব্যবসা, অস্ত্র, মাদক, চোরাচালান বন্ধে নিরাপত্তা নিশ্চিত হবে, সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং সীমান্ত এলাকায় উৎপাদিত কৃষি পণ্য সরাসরি দেশের মূল ভূখন্ডের পৌছানো সহজ হবে। সীমান্ত এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে।
