লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোহাজ্জেদ (৩) উপজেলার বগাচত্বর ইউনিয়নের মারিশ্যারচর নতুন বাজার এলাকার শাহ আলমের ছেলে।
শিশুটির পিতা শাহ আলম জানান, রবিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে মোহাজ্জেদ পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ছেলেটিকে খুঁজে না পেয়ে বাড়ির পাশে হ্রদে পানিতে খুঁজতে নামলে পানি থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর পুলিশের সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সালাহ উদ্দিন আজগর জানান, বিকালে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আমরা পরীক্ষা করে দেখি শিশুটি মৃত। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন। তিনি জানান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেকের মাধ্যমে আমরা জানতে পারি একটি শিশু পানিতে ডুবে গেছে। তাকে উদ্ধার করা হয়েছে। তবে দ্রুত হাসপাতালে নেয়ার জন্য আমাদের সহযোগিতা দরকার। আমি ফোর্সসহ একটি স্পিডবোট পাঠিয়ে শিশুটিকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে দেই। তবে শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
